প্রায় ১৬ ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টার পর রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির ভয়াবহ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা এমও রাশেদ বিন খালিদ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট একে একে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১০টা ৩৫ মিনিটে আগুন আংশিক নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়। তবে ছড়িয়ে থাকা বিভিন্ন স্থানের আগুন পুরোপুরি নেভাতে আরও কয়েক ঘণ্টা সময় লেগেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। তবে আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ সময় লাগার প্রধান কারণ ছিল পানি সংকট। সন্ধ্যা ৭টার পর বৌবাজার সংলগ্ন নালায় সেচপাম্প বসিয়ে বিকল্পভাবে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় কতগুলো ঘর বা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুনের কারণ কী—তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

