সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
বাবার জানাজা ও দাফনে অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. রুহুল আমীন। শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার কর্মধা ইউনিয়নের বড়বাড়ী এলাকার শীলদিঘীরপাড় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তার পিতা হাজী ইব্রাহীম আলীকে।
পারিবারিক সূত্রে জানা যায়,দীর্ঘদিন কারাবন্দী রুহুল আমীন তার পিতার মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো দেখা করার আবেদন জানান। পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে আনুষ্ঠানিক আবেদন করার পর জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।
পরে জেলা কারাগার থেকে পুলিশের কড়া নিরাপত্তায় একটি প্রিজনভ্যানে করে জানাজাস্থলে আনা হয় রুহুল আমীনকে। পুরো সময়জুড়ে চারজন পুলিশ সদস্য তাকে ঘিরে রাখেন। জানাজা শেষে আবেগঘন পরিবেশে তিনি উপস্থিত মুসল্লিদের কাছে পিতার জন্য দোয়া কামনা করেন। এরপর পুলিশ পাহারায় আবার তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান,জেলা প্রশাসকের অনুমতি অনুযায়ী ৪ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়েছিল। জানাজা শেষে বিকেলে তাকে পুনরায় জেল হাজতে পাঠানো হয়।
প্রায় ১০ মাস ধরে বৈষম্যবিরোধী আন্দোলনের দুটি মামলায় কারাবন্দী রয়েছেন যুবলীগ নেতা রুহুল আমীন। তার পিতা,কর্মধা ইউনিয়নের রবিরবাজার এলাকার প্রবীণ ব্যবসায়ী হাজী ইব্রাহীম আলী (৭০) গত ১০ অক্টোবর সকালে সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মরহুমের জানাজায় সাবেক সংসদ সদস্য এডভোকেট নওয়াব আলী আব্বাস খান,সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, উপজেলা জামায়াত নেতা রেজানুর রহিম ইফতেখারসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী অংশ নেন।

