নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড শেষ হয়েছে। তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছেন। শনিবার (৩০ আগস্ট) মহানগর হাকিম হাসিব উল্লাহ পিয়াসের আদালতে এ বিষয়ে শুনানি হবে।
প্রসিকিউশনের এসআই শরীফুজ্জামান জানান, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক খান মো. এরফান এ আবেদন করেছেন। এদিন দুপুরে তৌহিদ আফ্রিদিকে সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়।
গত ২৫ আগস্ট আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায়। তার আগে, ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে সিআইডির সদস্যরা তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন একই বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে নাসির উদ্দিন ও তার ছেলে তৌহিদ আফ্রিদির নামও রয়েছে।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান ও এমডি নাসির উদ্দিন সাথীকে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবি। পরবর্তীতে আদালত তাকে রিমান্ডে পাঠায়।

