রেড ক্রসের মাধ্যমে ৩০ জন ফিলিস্তিনির মরদেহ গাজায় ফিরিয়ে দিয়েছে ইসরায়েল। এর ফলে যুদ্ধবিরতির পর থেকে মোট ১২০ জন ফিলিস্তিনির লাশ ফেরত এসেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানায়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং খান ইউনিসের নাসের হাসপাতাল মরদেহ ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুসারে প্রতিটি মৃত ইসরায়েলির লাশের বিনিময়ে ১৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করা হবে।
এর আগে, আজ হামাস আরও দুটি মৃতদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। হামাস জানিয়েছে, বন্দীদের সকল দেহাবশেষ ইতোমধ্যে ফেরত দেওয়া হয়েছে।
গাজায় চলমান সংঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। বহু ফিলিস্তিনি এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
অঞ্চলটিতে তীব্র খাদ্যসংকট ও দুর্ভিক্ষে আরও শত শত মানুষের মৃত্যু ঘটেছে। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করেও গুলি চালিয়েছে বলে স্থানীয় সূত্র জানায়।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে, ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

