ইরান সরকার শনিবার (৪ অক্টোবর) সকালে খুজেস্তান প্রদেশে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত একটি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের ছয় সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, দণ্ডপ্রাপ্তরা একাধিক সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন। তাদের বিরুদ্ধে চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য হত্যা ও খোররামশাহরে বোমা হামলা চালানোর অভিযোগ রয়েছে। তবে এই ঘটনায় বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।
ইরান সম্প্রতি জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রমে কঠোর অবস্থান গ্রহণ করেছে। গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদী তাহান নাজিফ জানিয়েছেন, সংসদে পাস হওয়া নতুন আইন অনুসারে গুপ্তচরবৃত্তির শাস্তি বৃদ্ধি এবং অ-সামরিক ড্রোন ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ শক্ত করা হয়েছে। এই আইনগুলো এখন থেকে কার্যকর।
তাহান নাজিফ বলেন, “নতুন আইনগুলো শরিয়াহ নীতি ও সাংবিধানিক বিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়। এতে বিশেষ করে ইসরায়েলের মতো জায়নবাদী সরকারের বা ইরানের স্বার্থবিরোধী কার্যকলাপে জড়িতদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।”
গার্ডিয়ান কাউন্সিল জানিয়েছে, সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের সময় সংসদে এই আইন পাস হয়েছিল এবং সব আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে এগুলো বাস্তবায়নের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়েছে।

