অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, গত বছরের ৫ আগস্টের পর দেশে চাঁদাবাজি বেড়েছে। তিনি মন্তব্য করেন, রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া এবং রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ড. সালেহউদ্দিন বলেন, “আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন দেড় থেকে দুই টাকা নেওয়া হচ্ছে। গত বছরের ৫ আগস্টের পর নানা পক্ষ চাঁদাবাজিতে জড়িয়েছে। আগে যারা এ কাজে জড়িত ছিল না, তারাও এখন সম্পৃক্ত হয়েছে। যারা চাঁদাবাজি করছে, তাদের অনেকেই আবার ব্যবসায়ী সংগঠনের সদস্য।”
তিনি আরও বলেন, “চাঁদাবাজির কারণে পণ্যমূল্য বাড়ছে। কিন্তু এটা থামানো আমার মন্ত্রণালয়ের কাজ নয়। অন্তর্বর্তীকালীন সরকারও ধরপাকড়ের নীতি অনুসরণ করছে না।”
অর্থ উপদেষ্টা জানান, আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি কমে ৭ শতাংশে নামবে।

