বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতাকে সামনে রেখে ভারতের সেনাবাহিনী দ্রুত পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় একটি নতুন সামরিক ঘাঁটি চালু করেছে। পাশাপাশি আসামের ধুবরিতেও নতুন একটি সেনা স্টেশন স্থাপন করা হচ্ছে, যা সীমান্ত প্রতিরক্ষা জোরদারে ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেন। ইস্টার্ন কমান্ড এক্স-এ প্রকাশিত পোস্টে জানানো হয়, ঘাঁটিটি বাংলাদেশ সীমান্তের কাছেই অবস্থিত এবং দ্রুত সময়ের মধ্যেই এটি কার্যকর করা হয়েছে।
জেনারেল তিওয়ারি সৈন্যদের পেশাদারিত্ব ও প্রস্তুতির প্রশংসা করে উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানান। তিনি স্থানীয় নেতাদের সঙ্গেও বৈঠক করেন এবং সেনা-বেসামরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
এর আগে তিনি আসামের ধুবরির বামুনিগাঁও এলাকায় ‘লাচিত বরফুকন সামরিক স্টেশন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ইস্টার্ন কমান্ড জানিয়েছে, নতুন ঘাঁটিগুলো সীমান্ত অঞ্চলে সেনা সক্ষমতা ও অবকাঠামোকে আরও শক্তিশালী করবে।

