বরেণ্য অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। তিনি সপ্তাহে পাঁচ দিন নিয়মিত রেডিওথেরাপি নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার জামাতা আরিফুল ইসলাম।
জানা গেছে, ইলিয়াস কাঞ্চন মস্তিষ্কের টিউমার আক্রান্ত। গত ছয় মাস ধরে তিনি লন্ডনে মেয়ের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছেন। পাশে রয়েছেন একমাত্র মেয়ে ইসরাত জাহান এবং পরিবারের অন্যান্য সদস্যরা।
এর পাশাপাশি, ‘নিরাপদ সড়ক চাই’ দিবস উপলক্ষে বৃহস্পতিবার পূর্ব লন্ডনে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সদস্য এবং প্রবাসী বাংলাদেশিরা।
দোয়া মাহফিল শেষে আরিফুল ইসলাম জানান, “শনিবার ও রোববার বাদে, সপ্তাহে পাঁচ দিন তিনি বাসা থেকে হাসপাতালে গিয়ে টার্গেটেড রেডিওথেরাপি নিচ্ছেন। চিকিৎসকরা আশাবাদী, ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে। সহ-অভিনেত্রী ও লন্ডনপ্রবাসী শিল্পী সোনিয়া নিয়মিত তার খোঁজ নিচ্ছেন।”
তিনি আরও বলেন, “চিকিৎসকের পরামর্শে এখন কম কথা বলছেন। আগের তুলনায় শারীরিক অবস্থা কিছুটা ভালো। আমরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছি।”

