নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রথম নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে। দলটি আগামী ১০ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়েছে। সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হলে রাজনীতি ছেড়ে দেওয়ারও ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নাহিদ বলেন, “আমরা ১০ বছরের টার্গেট নিচ্ছি। আমি বিশ্বাস করি, ১০ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হব, ক্ষমতায় যাবো এবং সরকার গঠন করবো।”
তিনি আরও জানান, দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা থেকেই রাজনীতিতে নামা। “আমরা প্রথম থেকেই সামষ্টিক ধারণায় বিশ্বাস করি, ব্যক্তিগত স্বার্থকে তেমন গুরুত্ব দিই না। এখন তো অনেক মানুষের জীবন এ কাজে জড়িত। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই রাজনীতিতে নেমেছি।”
নাহিদ বলেন, “১০ বছরের মধ্যে যদি ক্ষমতায় যেতে না পারি, তাহলে আমি আর রাজনীতি করবো না। এই সময়ের মধ্যে দলটিকে প্রতিষ্ঠিত করতে চাই, সরকার গঠন করতে চাই এবং জনগণকে ক্ষমতায়িত করতে চাই।”
এনসিপি চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছে। নাহিদ মনে করেন, “আমরা ইতিমধ্যেই অনেক দূর এগিয়েছি। ১০ বছরের লক্ষ্যটা ঠিক করা হয়েছে কারণ গণভ্যুত্থান আমাদের অনেক এগিয়ে দিয়েছে। এখন বাকিটা আমাদের দক্ষতা, যোগ্যতা, সততা ও নিষ্ঠার ওপর নির্ভর করছে।”

