সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা রেলস্টেশনে আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী নেতারা অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রাতগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়া এবং সঞ্চালনা করেন সাংবাদিক তাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান।
এছাড়া উপস্থিত ছিলেন ৮ দফা দাবি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তাদির মনু,ইউপি সদস্য গোলাপ মিয়া, পরিবহন শ্রমিক নেতা ইসলাম উদ্দিন,অবসরপ্রাপ্ত কর্মকর্তা সালামত খান,কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল,সাংবাদিক মাহফুজ শাকিল,মহিউদ্দিন রিপন,ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক আলমাস পারভেজ তালুকদার,প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচডি রুবেল,ছাতাপীর স্মৃতি পরিষদের সভাপতি আব্দুস শুকুর ছরকুম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন,আড়াই মাস ধরে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি চললেও রেলওয়ে কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। তারা জানান,এর প্রতিবাদে আগামী ২৭ সেপ্টেম্বর কুলাউড়া রেলওয়ে জংশনে অবস্থান ধর্মঘট পালন করা হবে।
তারা আরও বলেন,দেশের তৃতীয় সর্বোচ্চ আয়কারী রেল বিভাগ হওয়া সত্ত্বেও সিলেট বিভাগ উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত। রেলওয়ে যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়,তবে কেবল অবস্থান ধর্মঘট নয়, গোটা সিলেট জুড়ে রেল অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য,এর আগে কুলাউড়া জংশনসহ বেশ কয়েকটি বন্ধ স্টেশন,সিলেট ও শ্রীমঙ্গল রেলস্টেশনে একই দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

