ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে এক গৃহবধূ (৪০) ও এক মধ্যবয়সী ব্যক্তিকে (৫০) প্রকাশ্যে হেনস্তা করার অভিযোগ উঠেছে। স্থানীয় এক সালিসে তাঁদের গলায় জুতার মালা পরানো হয় এবং মাথার চুল কেটে দেওয়া হয়।
রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের নতুনবাজার মেঘনাতীর বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
পরে পুলিশ অভিযান চালিয়ে সালিসকারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুর রহমান বলেন, নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে ১২–১৩ জনকে আসামি করে মামলা করেছেন। এর মধ্যে সালিসের প্রধান ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরও রয়েছেন। তাঁকেও গ্রেপ্তার করা হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, বাজারের এক চায়ের দোকানের সামনে গৃহবধূকে জুতার মালা পরিয়ে মাথার চুল কেটে ফেলা হচ্ছে। পাশে দাঁড়িয়ে আছেন ন্যাড়া মাথার ইদ্রিছ মাঝি, যার গলাতেও জুতার মালা ঝোলানো। আশপাশের লোকজন ঘটনাটি মোবাইলে ভিডিও করেন।
গ্রেপ্তারের আগে হুমায়ুন কবির স্বীকার করেন, ক্ষুব্ধ স্থানীয়রা এ ঘটনা ঘটিয়েছে এবং পরে তাঁদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে ভুক্তভোগী নারীর মা অভিযোগ করেন, বিএনপি নেতারা তাঁর মেয়ের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় পার্টি অফিসে আটকে রেখে পরদিন প্রকাশ্যে হেনস্তা করা হয়। এমনকি মেয়ের কানের দুলও খুলে নেওয়া হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

