সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়ায় শুরু হয়েছে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনামযজ্ঞ মহোৎসব। শ্রীশ্রী জগন্নাথ সেবা সংঘের আয়োজনে অনুষ্ঠিত এই পবিত্র উৎসবে বুধবার (২৬ নভেম্বর) রাতে উপস্থিত হন শ্রীমঙ্গলের সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধুর সহধর্মিণী হোসনেয়ারা বেগম।
উৎসবস্থলে পৌঁছালে আয়োজক কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
ভক্তদের উদ্দেশ্যে হোসনেয়ারা বলেন;- “জগন্নাথ সেবা সংঘ বহু বছর ধরে ধর্মীয়, সামাজিক ও মানবিক কাজ করে আসছে। ২৪ প্রহরব্যাপী হরিনামযজ্ঞ শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। এই মহোৎসবের সাফল্য কামনা করছি এবং ভক্তদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।”
২০০৮ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ সেবা সংঘ প্রথমে অষ্টপ্রহর হরিনামযজ্ঞ দিয়ে যাত্রা শুরু করে। পরে ষোলপ্রহর এবং বর্তমানে ২৪ প্রহরব্যাপী নামযজ্ঞ নিয়মিতভাবে আয়োজন করে আসছে।
গত ২১ নভেম্বর শুক্রবার থেকে শুরু হওয়া হরিনাম মহোৎসব ২৭ নভেম্বর বৃহস্পতিবারে শুভ সমাপ্তি হবে। এবারের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম এই মহোৎসব। প্রতিদিনই অনুষ্ঠিত হয়েছে ভক্তিমূলক সংকীর্তন,স্বাধ্যায় যজ্ঞ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান।
জগন্নাথ সেবা সংঘের প্রতিষ্ঠাতা সম্পাদক উত্তম রায় জানান- “প্রতিষ্ঠার পর থেকে আমরা ভক্তি,সেবা ও ধর্মীয় সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। ভক্তদের সহযোগিতা ও ভালোবাসায় আজ ১৭তম বর্ষে পৌঁছেছি। ২৪ প্রহরব্যাপী হরিনামযজ্ঞ আমাদের আধ্যাত্মিক জীবনের একটি বড় উৎসব শুধু নয়,এটি হলো আত্মিক আরাধনা। মহোৎসব সফল করতে,যারা নানাভাবে সহযোগিতা করেছেন,তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

