ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংক্ষিপ্ত শুনানি শেষে রিটটি খারিজ করে দেন।
আদালতে জুলিয়াস সিজারের পক্ষে শুনানি করেন আইনজীবী সরদার আবুল হোসেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
ডাকসুর ভিপি পদে জুলিয়াস সিজারের নাম প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রার্থী তালিকায় স্থান পেলেও পরবর্তীতে আপত্তি ওঠে। অভিযোগ করা হয়, তিনি নিষিদ্ধ ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। এ নিয়ে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে শুনানি হলেও সরাসরি কোনো সিদ্ধান্ত না দিয়ে বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়। পরে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে দেয়।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন জুলিয়াস সিজার তালুকদার। তবে আজ হাইকোর্ট তার আবেদন খারিজ করে দেয়ায় ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ আর থাকছে না তার।

