শাহজাহান আলী মনন নীলফামারী জেলা প্রতিনিধি:
‘গরু ছাড়াই দীর্ঘ ৩৫ বছর ধরে ঘানি টানছেন সত্তরোর্ধ দম্পতি’ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারী গ্রামের অসহায় তেলী (কলু) পরিবারকে নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর তা দৃষ্টিগোচর হয় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের। এর প্রেক্ষিতে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন বৃদ্ধ তেলী মোস্তাকিন আলীর সাথে যোগাযোগ করতে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৯ অক্টােবর) বেলা ১২টায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মোস্তাকিন আলীর সাথে সাক্ষাৎ করতে আসে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। এ উপলক্ষে মোস্তাকিন আলীর বাড়ির পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি মোস্তাকিন আলীর বসতবাড়িতে তার ৩০ বছরের স্মৃতিবিজড়িত ‘ঘানি’ পরিদর্শন করেন এবং তারেক রহমানের পক্ষ থেকে মোস্তাকিন আলীর প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। এছাড়া তাঁর সার্বিক খোঁজ-খবরও নেন এবং ওই দম্পত্তির হাতে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের পক্ষ থেকে ‘ঘানির জন্য গরু’ কিনতে নগদ ৫০ হাজার টাকা এবং তার পরিবারকে স্বাবলম্বী করতে ব্যাটারি চালিত দু’টি অটো ভ্যানের চাবি তুলে দেয়া হয়।
এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি ও সদস্য মাসুদ রানা লিটন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর (সাংগঠনিক) জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার, কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু ও কিশোরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল-মামুন-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
এদিকে, একই অনুষ্ঠানে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সৈয়দপুর (সাংগঠনিক) জেলায় শহীদ সাজ্জাদ হোসেন ও শহীদ নাঈম বাবু’র পরিবারের সাথে সাক্ষাৎ করে আর্থিক অনুদান দেয় ‘আমরা বিএনপি পরিবার’।

