গাজা যুদ্ধবিরতি বিষয় নিয়ে ইস্তাম্বুলে তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনের সঙ্গে বৈঠক করেছে হামাসের প্রতিনিধিদল। আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের জ্যেষ্ঠ আলোচক খলিল আল-হাইয়ার নেতৃত্বে এই বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে আলোচনা হয়েছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন, বিশেষ করে ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকায় গোলাবর্ষণ এবং চলমান সাহায্য নিষেধাজ্ঞা নিয়ে। এছাড়া গাজার ধ্বংসস্তূপ পুনর্নির্মাণ, সড়ক নেটওয়ার্ক, বিদ্যুৎ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের বিষয়ও আলোচনায় এসেছে।
হামাস এক বিবৃতিতে তুরস্কের ভূমিকার প্রশংসা করেছেন এবং ফিলিস্তিনি জনগণের সংগ্রামে তুরস্কের সমর্থনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
প্রসঙ্গত, গত ৯ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল ও হামাস একটি শান্তি পরিকল্পনার চুক্তিতে পৌঁছেছে। ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
গাজা অঞ্চলে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়ে গেছে, আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। এছাড়া অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। চলতি বছরের মে মাসে হামলায় মানবিক সহায়তা বিতরণে বাধা সৃষ্টি এবং খাদ্য সংকট দেখা দিয়েছিল।
গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

