গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে আহ্বান জানানো হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গণভোট বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জমা দিতে বলা হয়েছে। আমরা কোনো আল্টিমেটাম দেইনি, শুধু আহ্বান জানিয়েছি। এরপরও যদি তারা ঐকমত্যে না পৌঁছায়, সরকার নিজ সিদ্ধান্ত নেবে।’
ড. আসিফ নজরুল আরও বলেন, ‘সরকার আর কোনো আলোচনার আয়োজন করবে না। গত ১৫ বছরে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো প্রতিকূল সময়ে একসঙ্গে আন্দোলন করেছে। এবারও আশা করছি তারা নিজেদের উদ্যোগে একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে।’
জুলাই সনদ বাস্তবায়নের পরবর্তী ধাপে রাজনৈতিক দলগুলোর মতভেদ নিরসনে অন্তর্বর্তী সরকার আর কোনো উদ্যোগ নেবে না বলেও উপদেষ্টা পরিষদ জানিয়েছে।
বৈঠকে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের আয়োজনের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়।
আইন উপদেষ্টা বলেন, ‘গণভোটের সময়সূচি ও বিষয়বস্তু নির্ধারণে এখন চূড়ান্ত সিদ্ধান্ত প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে আর সময় নষ্টের সুযোগ নেই। দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত না দিলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

