আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পিষ্ট হয়ে নিহত নিরব মুন্সীর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় পটুয়াখালীর বাউফল উপজেলার ডালিমা গ্রামে নিহত নিরব মুন্সীর জানাজা নামাজ আদায় করা হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজে উপস্থিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আগত প্রতিনিধির মাধ্যমে নিহত নিরব মুন্সীর পরিবারকে ভরণপোষণ ও চিকিৎসা সহায়তার আশ্বাস দেওয়া হয়। এ সময় বিশেষভাবে নিহতের পঙ্গুত্ববরণকারী ছেলে, জুলাই যোদ্ধা তাহসিন আল নাহিয়ানের চিকিৎসা ও ভবিষ্যৎ দায়িত্ব নেওয়ার কথা জানানো হয়।
জানাজা নামাজে আরও উপস্থিত ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক ও বাউফল আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল আলম তালুকদার, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাসু সরকার কুট্টি এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক স্থানীয় মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত সবাই নিহত নিরব মুন্সীর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

