মো.আব্দুল কুদ্দুস,সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, রাষ্ট্র মেরামতের জন্য ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এর মাধ্যমেই মানুষকে জানানো সম্ভব হবে যে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে দেশ কিভাবে পরিচালিত হবে এবং উন্নয়নে কী পদক্ষেপ নেওয়া হবে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ শহরের রেলগেট ট্রাকস্ট্যান্ড এলাকায় শহর বিএনপির উদ্যোগে পৌরসভার সাতটি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন।
টুকু বলেন, এই ৩১ দফা বাস্তবায়িত হলে দেশ ও জনগণের মৌলিক পরিবর্তন আসবে। তিনি আরও উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব কেড়ে নেওয়ার পরও মুক্তিযোদ্ধারা প্রতিবাদ করেননি। মুক্তিযোদ্ধাদের সেই সম্মান ফিরিয়ে দেওয়ার দায়িত্ব বিএনপির।
সভায় সভাপতিত্ব করেন শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম। এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ভিপি শামীম, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলমসহ অন্যান্য নেতারা।

