দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দিনাজপুর পৌরসভার সাবেক তিনবারের মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
আজ রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে তিনি দিনাজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরে আলম সিদ্দিকীর কাছ থেকে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি সাংবাদিকদের সামনে মনোনয়নপত্র প্রদর্শন করে নিজেকে দিনাজপুর সদর আসনের বিএনপির প্রার্থী হিসেবে দাবি করেন। তিনি বলেন, বিএনপির হাই অথরিটির নির্দেশেই তিনি এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই আসনের মনোনীত প্রার্থী হিসেবে আলোচনা করা হলেও দলীয় সিদ্ধান্ত ও কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আমি নিজেও দিনাজপুর সদর আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী।”
তিনি আরও দৃঢ়তার সঙ্গে বলেন, “আমি বিএনপির দিনাজপুর সদর আসনের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।”
মনোনয়নপত্র সংগ্রহের সময় তার সঙ্গে জেলা বিএনপি কিংবা পৌর বিএনপির উচ্চ পর্যায়ের কোনো নেতৃবৃন্দকে দেখা যায়নি। তবে অল্পসংখ্যক কয়েকজন দলীয় নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি দলীয় প্রক্রিয়ার অংশ এবং সময়ের সঙ্গে সঙ্গে দলীয় নেতাকর্মীদের সমর্থন তিনি পাবেন বলে আশাবাদী।
সৈয়দ জাহাঙ্গীর আলম জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যেই আগামী ২৯ ডিসেম্বরের আগেই তিনি মনোনয়নপত্র জমা দেবেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে দিনাজপুর সদর আসনে বিএনপি বিজয়ী হবে।
এদিকে, তার মনোনয়নপত্র সংগ্রহকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যেও এ বিষয়ে কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে।
উল্লেখ্য, দিনাজপুর -৩ সদর আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে আগেই জেলা বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণার আলোকে তার মনোনয়নপত্র উত্তোলন করা হয় এবং আজ ২৮ ডিসেম্বর বিকাল তিনটায় তা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে তার মনোনয়নপত্র জিলা বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে তা দাখিল করা হয়েছে।

