সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করেন এবং আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণ করেন।
সাক্ষাৎকালে আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি আস্থা প্রকাশ করেন। তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধের প্রতি আনুগত্য এবং দেশের স্বার্থ রক্ষায় বাকি জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া দলীয় নিয়ম-নীতি ও শৃঙ্খলার প্রতি অনুগত থাকার অঙ্গীকারও করেন।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাকে আলিঙ্গন করেন এবং দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
এর আগে, বিএনপির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আক্তারুজ্জামান দল থেকে বহিষ্কার হন। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে তিনি ২০১৮ সালের নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের প্রার্থী ছিলেন, কিন্তু আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে হেরে যান। এছাড়া ১৯৯১ ও ১৯৯৬ সালে একই আসন থেকে তিনি বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

