ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রসমালাই খেয়ে শিশুসহ ৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অসুস্থরা হলেন উপজেলার শ্রীপুর গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী শারমিন (২৭), তাদের দুই সন্তান আয়াত (৪), সাদী (১১), মহেষপুর গ্রামের নাঈম এর স্ত্রী জ্যাতি (৩৩), ইয়ানা (৫)। মঙ্গলবার দুপুরে উপজেলার মহেষপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার সিঙ্গারবিল বাজারের রংধনু বেকারি অ্যান্ড সুইট হাট থেকে রসমালাই ক্রয় করে বাসায় নিয়ে গেলে এ রসমালাই খেয়ে দুই পরিবারের ৫ জন অসুস্থতা বোধ করে। পরে তাদেরকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে তাদের অবস্থা দেখে এখানকার দায়িত্বরত চিকিৎসক তাদের ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দেন।
এবিষয়ে নাহিদ আল মাহমুদ জানান, তার ছোট ভাই নাসিম রংধনু থেকে রসমালাই নিয়ে গেলে তা খাওয়ার পর স্বজনরা অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সুমন ভূইয়া বলেন, অসুস্থ হয়ে হাসপাতালে আসলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে পাঠানো হয়।

