জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগে নিউইয়র্কে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স, বেলজিয়াম, মাল্টা, লুক্সেমবার্গ, অ্যান্ডোরা এবং মোনাকো। এর মাধ্যমে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের তালিকায় আরও পাঁচটি দেশ যুক্ত হলো।
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়েছে, ফিলিস্তিন ও দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক বৈঠকে দেশগুলোর নেতারা এ
ঘোষণা দেন। মাল্টার প্রধানমন্ত্রী বলেন, এই স্বীকৃতি শান্তি ও ন্যায়বিচারে তাদের বিশ্বাসের প্রতিফলন এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি সমর্থন।
লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী এ সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ আখ্যা দেন। বেলজিয়াম জানিয়েছে, তাদের এ পদক্ষেপ দীর্ঘদিনের আলোচনাভিত্তিক দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, “ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। এটাই একমাত্র সমাধান যা ইসরায়েলকে শান্তিতে বসবাসের সুযোগ করে দেবে।” তিনি বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যা চলতে থাকায় এ সিদ্ধান্ত জরুরি হয়ে পড়েছে।
ম্যাক্রোঁ আরও জানান, গাজায় বন্দিদের মুক্তি ও যুদ্ধবিরতি নিশ্চিত হলে ফ্রান্স ফিলিস্তিনে দূতাবাস খুলতে এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশনে অংশ নিতে প্রস্তুত।
ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অংশ নেয়নি।

