টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ারফাইটার নুরুল হুদা মারা গেছেন। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে একই ঘটনায় আহত ফায়ারফাইটার শামীম আহমেদ (২৩ সেপ্টেম্বর) শতভাগ দগ্ধ হয়ে মারা যান।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভাতে গিয়ে কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী মারাত্মকভাবে দগ্ধ হন। তাদের মধ্যে নুরুল হুদা ছিলেন ১০০% দগ্ধ অবস্থায়।
নুরুল হুদা (পি.এন. ৫০১৫৬০) টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। ময়মনসিংহের গফরগাঁওয়ের সন্তান তিনি। জন্ম ১৯৮৭ সালের ২১ জুলাই, যোগদান করেন ২০০৭ সালের ২৯ মার্চ। তিনি বিবাহিত, বাবা আব্দুল মনসুর ও মা শিরিনা খাতুন।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় আহত ৪ ফায়ারফাইটারের মধ্যে এ পর্যন্ত ২ জন মারা গেছেন।

