ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে মো: মেহেদী হাসান নামে এক ব্যক্তিকে ১লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকালে উপজেলার মোগড়া ইউনিয়নে শান্তিপুর এলাকায় আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে এ অর্থ দন্ড দেওয়া হয়। মেহেদী হাসান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হুমায়ুন মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: কফিল উদ্দিন মাহমুদ। পরে সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আদালত পরিচালনার সময় থানা পুলিশ সার্বিকভাবে সহায়তা করে।
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: কফিল উদ্দিন মাহমুদ বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর আসে শান্তিপুর এলাকায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটা হচ্ছে। এমন খবরে সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করায় তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার কোন সুযোগ নেই। জনস্বার্থে এবং কৃষিজমি রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

