মোঃ জালাল হোসেন, (ক্রাইম রিপোর্টার):
রাজশাহীর গোদাগাড়ীতে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও পরিবারের মাঝে অর্থানুদান বিতরণ করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর বিকাল ৩টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম-সচিব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, রাজশাহী ড. চিত্রলেখা নাজনীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শামসুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মানিক এবং আদিবাসী সম্প্রদায়ের নেতা রাজকুমার শাও।
এ উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০২ জন শিক্ষার্থীকে দুই হাজার টাকা করে মোট ২ লক্ষ ৪ হাজার টাকা এবং ১১৪ জন পরিবারের সদস্যকে দুই হাজার টাকা করে মোট ২ লক্ষ ২৮ হাজার টাকা প্রদান করা হয়।
প্রধান অতিথি ড. চিত্রলেখা নাজনীন তার বক্তব্যে আদিবাসীদের উৎসাহ দিয়ে বলেন,
আপনারা আপনার সন্তানের প্রতি সবসময় ইতিবাচক মনোভাব রাখবেন। তাদের পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহ দিবেন। পড়াশোনা করে তারা একসময় চাকরি পাবেন, উদ্যোগী হবেন। আদিবাসী বাচ্চারাও আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। একটি গোষ্ঠী ছাড়া উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণ সম্ভব নয়। উন্নয়নের অংশীদার হতে আপনাদের এগিয়ে আসতে হবে।
বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একাত্মতা ও আনন্দের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নের প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

