চট্টগ্রামের সাতকানিয়ায় পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার রাত সোয়া আটটার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আহমদ হোসেন (৫২)। তিনি স্থানীয় বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত তাঁর ছেলে রিয়াদ হোসেন (২২)–কে সোমবার ভোরে বাঁশখালী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, পারিবারিক বিষয়ে ঝগড়ার একপর্যায়ে রিয়াদ হোসেন তার বাবার গলায় ছুরি দিয়ে আঘাত করে। পরিবারের সদস্যরা আহমদ হোসেনকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদত ইসলাম জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই আহমদ হোসেনের মৃত্যু হয়। তাঁর গলার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্ত ছেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

