বগুড়ায় ডাকাতির সময় বিমোলা পদ্দার (৬৫) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মৃত রাধেশ্যাম পদ্দারের পাঁচ ছেলে-মেয়ে ওই বাড়িতে খৈল-ভুসির ব্যবসা পরিচালনা করতেন। তারা সবাই অবিবাহিত। দুইতলা ভবনের নিচতলায় দোকান ও গুদামঘর, আর উপরের তলায় তাদের বসবাস।
বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ৫ থেকে ৭ জন মুখোশধারী ডাকাত ছাদ দিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে রাখে এবং ডাকাতির চেষ্টা চালায়। এক পর্যায়ে বাধা দিলে বিমোলা পদ্দারকে শ্বাসরোধে হত্যা করে ডাকাতরা। পরে বাড়ি থেকে প্রায় সাত লাখ টাকা লুট করে পালিয়ে যায় তারা।
বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন,
“ভোর সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। একাধিক দল ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।”
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

