গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ‘শহীদ জেহাদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “নব্বইয়ে রক্তমাখা আন্দোলন ছিল বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার লড়াই। স্বৈরাচারবিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তার রুহের মাগফিরাত কামনা করি।”
তিনি আরও বলেন, “নব্বইয়ের গণআন্দোলনে পুলিশের বুলেট নিজের বুকে নিয়ে শাহাদাত বরণ করেন শহীদ জেহাদ। তার রক্তের ধারায় সংঘটিত হয়েছিল ঐতিহাসিক গণঅভ্যুত্থান, যার মাধ্যমে পতন ঘটে স্বৈরশাসক এরশাদের। গণতন্ত্রকে হত্যার হাত থেকে রক্ষার জন্যই জেহাদ জীবন উৎসর্গ করেছিলেন। আমরা যদি তার স্বপ্ন বাস্তবায়ন করতে না পারি, তবে তার আত্মা কষ্ট পাবে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “গণতন্ত্রের ধারা বহমান রাখতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে। তবে গণতন্ত্র শুধু ভোটের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি। শহীদ জেহাদের আত্মত্যাগ থেকে প্রেরণা নিয়ে আমাদের দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত করে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে যেতে হবে।”

