শুক্রবার (৭ নভেম্বর) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি স্কুলের মসজিদে একাধিক বিস্ফোরণে শিক্ষার্থী ও শিক্ষকসহ কমপক্ষে ৫০ জনের বেশি আহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম জাকার্তা গ্লোব পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, উত্তর জাকার্তার স্টেট সিনিয়র হাই স্কুলে দুপুর ১২:৩০ মিনিটের দিকে বিস্ফোরণগুলো ঘটে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
নগর পুলিশের প্রধান আসেপ এদি সুহেরি জানান, বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তিনি আরও বলেন, “এখন পর্যন্ত ৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের ছোটখাটো আঘাত আছে, আবার অনেকে গুরুতর আহত। কিছু শিক্ষার্থীর শরীরে পুড়ার চিহ্নও দেখা গেছে।”
স্থানীয় টিভি চ্যানেলগুলোতে ফুটেজে স্কুলের চারপাশে পুলিশ লাইনের পাশাপাশি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকা দেখা গেছে। যদিও মসজিদের মূল ভবনে বড় ধরনের ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যায়নি।
পুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ঘটনার তদন্ত চলছে এবং আহতদের চিকিৎসা অব্যাহত রয়েছে।

