বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে ক্যাটাগরি-২ থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী শানিয়ান তানিম নাভিন জানিয়েছেন, তিনি রাজনীতির বাইরের মানুষ, নির্বাচনে অংশগ্রহণ করেছেন শুধু ক্রিকেটের জন্য। তবু তিনি খোলামেলা আক্ষেপ প্রকাশ করেছেন তামিম ইকবালের অনুপস্থিতি নিয়ে।
গতকাল বিসিবিতে উপস্থিত হয়ে শানিয়ান তানিম বলেন, “তামিম থাকলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। আমি ও আরও অনেকে চেষ্টা করেছি তাকে বোঝানোর, কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন।”
তিনি মনে করেন, ক্রিকেট বোর্ডের নির্বাচন শুধু জেতা-হারার লড়াই নয়, এটি দেশের ক্রিকেটের ভবিষ্যৎ ঠিক করে দেয়। তার লক্ষ্য সঠিক প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের এগিয়ে আনা এবং ক্রিকেটকে পেশাদার কাঠামোয় উন্নীত করা।
তানিম বিশেষভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বলেন, “বিপিএল দেশের ক্রিকেটকে বিশ্ব অঙ্গনে তুলে ধরতে পারে, তবে স্বচ্ছতা ও প্রফেশনালিজম নিশ্চিত করতে হবে। দায়িত্ব পাওয়া গেলে আমি বিপিএলকে আন্তর্জাতিক মানের টুর্নামেন্টে রূপ দিতে কাজ করবো।”
তিনি যোগ করেন, “ক্রিকেট নির্বাচনে প্রতিযোগিতা কঠিন হলেও এটা ইতিবাচক, কারণ বেশি প্রার্থী মানে বিকল্প বেশি এবং সেখান থেকেই যোগ্য নির্বাচন হবে।”
তামিম ইকবালের প্রসঙ্গে তিনি বলেন, “তামিম শুধু একজন প্রার্থী ছিলেন না, তিনি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের অংশ। তার অংশগ্রহণ নির্বাচনের মান আরও উঁচুতে তুলতো।”
শানিয়ান তানিমের দৃঢ় বিশ্বাস, ক্রিকেটারদের উন্নতি, অবকাঠামো শক্তিশালীকরণ এবং ঘরোয়া ক্রিকেটকে প্রতিযোগিতামূলক করা বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে।

