বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা শহরে সর্বসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা নির্দিষ্ট সময়ের জন্য টোলমুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ২টা পর্যন্ত মোট দুই ঘণ্টা বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা টোলমুক্ত থাকবে। এ সময় সাধারণ যানবাহন বিনা টোলে এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে।
প্রেস উইং জানায়, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীতে সম্ভাব্য যানজট ও জনদূর্ভোগ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে ঢাকায় বিভিন্ন এলাকায় জনসমাগমের সম্ভাবনা রয়েছে।

