নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি স্পষ্ট জানিয়েছেন, শাসনব্যবস্থায় কোনো পরিবর্তন আনার এখতিয়ার এই সরকারের নেই। তিনি এ মন্তব্য করেছেন তরুণদের পক্ষ থেকে নির্বাচিত নির্বাহী ব্যবস্থাসহ অন্যান্য সংস্কারের দাবি জানানোর প্রেক্ষাপটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে।
প্রধানমন্ত্রী কার্কি বলেন, “বর্তমান সরকারের পক্ষে শাসনব্যবস্থায় কোনো পরিবর্তন সম্ভব নয়। যেকোনো সংস্কার বা পরিবর্তন অবশ্যই সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, আসন্ন নির্বাচনের প্রস্তুতিই অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার। এছাড়া, বিদেশে কর্মরত নেপালিদের ভোট প্রদানের সুযোগ সৃষ্টির বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা চলছে।
কার্কি আশ্বস্ত করেছেন, তার সরকার অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং প্রবাসী নেপালিদের সাংবিধানিক দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি বহাল রাখবে।
শেষে তিনি দেশের সকল নাগরিককে আসন্ন নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধিদের নির্বাচিত করতে উৎসাহিত করেন।

