ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। দাবি ও আপত্তি নিষ্পত্তির পর আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তবে নতুনভাবে ভোটার হিসেবে নাম যুক্ত করা না হলেও ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ রেখে দিয়েছে কমিশন।
ইসির নির্দেশনা অনুযায়ী, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর করতে চাইলে ১৩ নম্বর ফরম পূরণ করে আগামী ১০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন জমা দিতে হবে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের এসব আবেদন ১৭ নভেম্বরের মধ্যে অনুমোদন বা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরে এ সংক্রান্ত চিঠি সব নির্বাচন কার্যালয়ে পাঠানো হয়েছে।
এদিকে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশও দিয়েছে ইসি। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত জমা পড়া আবেদনগুলোর তদন্ত ৬ নভেম্বরের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। কোনো আবেদনপত্রের সঙ্গে কাগজপত্র সংযুক্ত না থাকলে তা ‘ডকুমেন্ট সংযুক্ত নেই’ হিসেবে উল্লেখ করে পরবর্তী যাচাইয়ের জন্য অপেক্ষমাণ রাখা হবে।
ইসি সূত্র জানায়, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

