জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রতিক্রিয়া জানান।
প্রেস সচিব বলেন, “এটা নিঃসন্দেহে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিষয়টি আমাদের কনস্যুলেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।”
এ সময় তিনি প্রধান উপদেষ্টার দিনব্যাপী কর্মসূচির উল্লেখ করে জানান, জাতিসংঘে আইএমএফ আয়োজিত সোশ্যাল বিজনেস সংক্রান্ত এক বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস বক্তব্য দিয়েছেন। পরে আরেকটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে প্রধান উপদেষ্টাকে এসডিজি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই পুরস্কার আরও দুজনের হাতে তুলে দেওয়া হয়েছে।
শফিকুল আলম আরও জানান, ভারতে নিযুক্ত হতে যাওয়া মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, আঞ্চলিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, দেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্রও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।
বৈঠকে সার্ক পুনরুজ্জীবন, নেপাল-ভুটানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, আসিয়ান সদস্যপদ অর্জনের প্রচেষ্টা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়। সার্জিও গোর এসব ইস্যু সরাসরি মার্কিন প্রেসিডেন্টের কাছে তুলে ধরবেন বলেও প্রেস সচিব জানান।

