স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি কিছু সমস্যার সমাধান করে এবং জনগণ সচেতন থাকে, তবে নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।
রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এসব মন্তব্য করেন। তিনি আশ্বাস দেন, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, বিভিন্ন পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না। কোনো অনিয়মের খবর থাকলে গণমাধ্যমের মাধ্যমে তা প্রকাশ করার জন্য তিনি আহ্বান জানান।
এছাড়া, একক ব্যক্তির নামে সিম কার্ডের সংখ্যা বর্তমানে ১০টির বেশি হলে তা কমিয়ে ২টিতে আনার লক্ষ্য সরকারের। নির্বাচনের আগে এটি ৫-৭টির মধ্যে আনার চেষ্টা করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি কোনো মন্তব্য না করলেও জানান, যদি অন্য কেউ চাইলে বুলেটপ্রুফ গাড়ির অনুমতি দেওয়া হবে। সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

