ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের সব ধরনের সাংগঠনিক নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সময়ের মধ্যে নির্বাচনী কার্যক্রম যাতে কোনোভাবে প্রভাবিত না হয় এবং সম্পূর্ণভাবে প্রভাবমুক্ত পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনকালীন সময়জুড়ে পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সংগঠন, বণিক সমিতি, সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ দেশের যেকোনো ধরনের সংগঠনের নির্বাচন ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর আগে আয়োজন করা যাবে না। এসব নির্বাচন সংশ্লিষ্ট তারিখের পর আয়োজন করতে হবে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দেশের সব রিটার্নিং অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও চিঠিতে জানানো হয়।
নির্বাচন কমিশনের মতে, এই পদক্ষেপের ফলে জাতীয় নির্বাচন ও গণভোটের পরিবেশ শান্তিপূর্ণ থাকবে এবং প্রশাসনিক ও রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব হবে।

