কিছু অভিযোগ থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে। শিক্ষার্থীরা সকাল থেকে দুপুর পর্যন্ত নির্ধারিত সময়ে ভোট দেন। ভোট শেষে গণনা শুরু হয় এবং রিটার্নিং কর্মকর্তাদের মতে রাত ১২টার মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।
এদিকে ভোট শেষে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। বিকেলে মধুর ক্যান্টিনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, অমর একুশে ও রোকেয়া হলে ভোট কারচুপির প্রমাণ পাওয়া গেছে। সকাল থেকেই তাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এমনকি নম্বর স্লিপ বিতরণের ক্ষেত্রেও বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আবিদুল আরও বলেন, সকালে তার বিরুদ্ধে “ভুয়া প্রোপাগান্ডা” চালানো হয়, যা কিছু গণমাধ্যম প্রচার করলেও পরে সংশোধনী দিয়েছে। তিনি অভিযোগ করেন, রোকেয়া হলের এক নির্বাচনী কর্মকর্তা তাদের এক প্রার্থীকে ব্যালট নম্বর বিতরণের জন্য ছাত্রত্ব শেষ করার হুমকি দেন, অথচ শিবির সমর্থিতদের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হয়নি। এসব বিষয়ে তিনি লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলেও জানান।

