বলিউড সুপারস্টার শাহরুখ খানের নামে দুবাইতে নির্মাণ হতে যাচ্ছে নতুন আকাশচুম্বী বাণিজ্যিক ভবন। শহরের জনপ্রিয় শেখ জায়েদ রোডে অবস্থিত এই ৫৫ তলার ভবনটির নাম রাখা হয়েছে ‘শাহরুখজ বাই দানিউব’।
সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক জাঁকজমক অনুষ্ঠানে প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়, যেখানে শাহরুখ খান নিজেও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারকা পরিচালক ও নৃত্য পরিচালক ফারাহ খান।
সংযুক্ত আরব আমিরাতের খালিজ টাইমস জানিয়েছে, দশ লাখ স্কোয়ার ফুট আয়তনের এই ভবনের দাম শুরু হবে ১৭ লাখ দিরহাম থেকে। দানুব গ্রুপের লক্ষ্য ভবনটিকে একটি বৈশ্বিক ব্যবসা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা। ভবনের প্রবেশপথে থাকবে শাহরুখের বিখ্যাত হাত ছড়িয়ে দাঁড়ানোর আইকনিক ভাস্কর্য, যেখানে আগতরা ছবি তুলতে পারবেন। নির্মাণ কাজ ২০২৯ সালের মধ্যে শেষ হওয়ার কথা।
শাহরুখ খান তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “দুবাইয়ের একটি স্থাপনায় আমার নাম যুক্ত হওয়া আমার জন্য অত্যন্ত গর্বের ও আবেগঘন মুহূর্ত। চিরদিন এই শহরের অংশ হওয়া আমার কাছে বিশেষ সম্মান। দুবাই সবসময়ই আমার কাছে স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা ও সম্ভাবনার প্রতীক।”

