মুহম্মদ আবুল বাশার,
ময়মনসিংহ জেলার সব দপ্তরের কার্যক্রমের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে জানুয়ারি/২০২৬ মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার, ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলার ১৩ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।
সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, চলমান প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অসঙ্গতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ত্রিশাল বাসস্ট্যান্ড মোড়ের নামকরণ ‘শহীদ সাগর চত্বর’ করার কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া মশা নিধনে ৩৩টি ওয়ার্ডজুড়ে ক্রাশ প্রোগ্রাম, যানজট ও পার্কিং সমস্যা নিরসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও প্রচার কার্যক্রমের পাশাপাশি সকাল ও দুপুরে লার্ভিসাইড এবং সন্ধ্যায় এডাল্টিসাইড প্রয়োগ অব্যাহত রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি জানান, সরকার হলুদ ও আখ উৎপাদনে প্রণোদনা দিচ্ছে। বর্তমানে ভালুকা, ত্রিশাল ও ফুলবাড়িয়া উপজেলায় এ কার্যক্রম চলমান রয়েছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) জানায়, আগামী ২০ জানুয়ারি ২০২৬ থেকে আরবি ভাষা শিক্ষার ওপর তিন মাস মেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়াও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ কার্যক্রমের অগ্রগতি সভায় তুলে ধরেন।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশনে ময়মনসিংহ জেলা দ্বিতীয় স্থানে রয়েছে। আসন্ন নির্বাচনে যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে কোনো ধরনের অবহেলার কারণে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মচারী, আনসার সদস্য কিংবা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ঝুঁকিতে না পড়েন।
তিনি আরও বলেন, সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক প্রচারণা চালানো যাবে না। গণভোটের প্রচারণায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের পাশাপাশি সংশ্লিষ্ট তৃণমূল পর্যায়ের দপ্তরগুলোকে সাধারণ জনগণকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসক জানান, আসন্ন নির্বাচনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে এবং সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। কর্মক্ষেত্রে পেশাদারিত্বের বিষয়ে কোনো আপস করা হবে না উল্লেখ করে তিনি বলেন, সকলের সম্মিলিত সহযোগিতায় একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজন করা হবে।

