চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চাকসু ভবনেই এই কার্যক্রম শুরু হয়। প্রার্থীরা আগামী মঙ্গলবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র নিতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বুধবার বেলা সাড়ে তিনটা।
এবারের নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে নতুন করে ১ হাজার ৭৬৮ শিক্ষার্থী যুক্ত হয়েছেন, যার ফলে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৪ জন। প্রার্থী হিসেবে এবার স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডির শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সকল প্রার্থীকে ডোপ টেস্টের ফলাফল দাখিল করতে হবে।
নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম আশরাফুল হক সিদ্দিকী জানান, কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্র নেওয়ার জন্য ৩০০ টাকা ফি, হল সংসদের জন্য ২০০ টাকা। মনোনয়নপত্র নেওয়ার সময় অনলাইনে চূড়ান্ত ভোটার তালিকার প্রমাণ ও শিক্ষার্থীর ভোটার আইডি নম্বর দেখাতে হবে। জমার সময় পরিচয়পত্র, ছবি ও ডোপ টেস্টের ফলাফল আনতে হবে।
গঠনতন্ত্র সংশোধন অনুযায়ী কেন্দ্রীয় সংসদে ৪টি নতুন পদ যুক্ত হয়েছে। সংশোধিত পদসমূহ হলো: সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক, দপ্তর সম্পাদক, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যোগাযোগ ও আবাসন সম্পাদক, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক, ছাত্রী কল্যাণ সম্পাদক, স্বাস্থ্য সম্পাদক, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক এবং ৫ জন নির্বাহী সদস্য।
চাকসু নির্বাচন দীর্ঘ ৩৫ বছর ধরে স্থগিত থাকার পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।

