প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে গুম সংক্রান্ত অধ্যাদেশ, হাওর ও জলাভূমি সংরক্ষণ এবং সুইজারল্যান্ডে নতুন দূতাবাস স্থাপন—এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিগত ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়গুলো তথ্য অধিদপ্তর (পিআইডি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।
গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের অনুমোদন
উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই অধ্যাদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি কমপক্ষে পাঁচ বছর ধরে গুম থাকলে এবং জীবিত ফিরে না এলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ‘ডিসাপিয়ার্ড’ বা ‘গুম’ ঘোষণা করতে পারবে।
এছাড়া, মানবাধিকার কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকার ‘গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল’-এর জন্য প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে। একইসঙ্গে, ভুক্তভোগী বা অভিযোগকারী নিজ উদ্যোগে ট্রাইব্যুনালে আইনজীবী নিয়োগের সুযোগ পাবেন।
অধ্যাদেশে আরও বলা হয়েছে, গুম হওয়া ব্যক্তির স্ত্রী অথবা তার ওপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য কমিশনের পূর্বানুমতি ছাড়াই গুম হওয়া ব্যক্তির সম্পত্তি ব্যবহার করতে পারবেন।
হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ অনুমোদন
বৈঠকে ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের হাওর অঞ্চল একটি বিরল ও অনন্য ইকোসিস্টেম হলেও অপরিকল্পিত বাঁধ নির্মাণ, নদী ও নদীপথে প্রতিবন্ধকতা সৃষ্টি, বিষ ও কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং পর্যটনের নেতিবাচক প্রভাবে এই পরিবেশ ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়েছে।
এই অধ্যাদেশের মাধ্যমে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের দায়িত্ব, কর্তৃত্ব ও অধিক্ষেত্র স্পষ্টভাবে নির্ধারণ করা হবে। হাওর ও জলাভূমি এলাকার জীববৈচিত্র্য, পরিবেশ ও বাস্তুতন্ত্র সংরক্ষণের লক্ষ্যে সুরক্ষা অধ্যাদেশ জারির বিধান রাখা হয়েছে।
এছাড়া, সংরক্ষিত হাওর ও জলাভূমি এলাকা ঘোষণা, নিষিদ্ধ কার্যক্রমের তালিকা নির্ধারণ, নিষিদ্ধ কার্যক্রম সংঘটিত হলে তা অপরাধ হিসেবে গণ্য করা এবং সংশ্লিষ্ট অপরাধের জন্য দণ্ডের বিধান রাখা হয়েছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নির্ধারিত ব্যতিক্রম ছাড়া সংশ্লিষ্ট অধিদপ্তরের মতামত গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় অংশীজনদের সম্পৃক্ততা ও সংরক্ষণ কার্যক্রমে অন্তর্ভুক্তির বিধান রাখা হয়েছে।
সুইজারল্যান্ডের বার্নে নতুন বাংলাদেশ দূতাবাস
বৈঠকে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন একটি দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। স্বাধীনতার পর থেকেই জেনেভায় বাংলাদেশের একটি পার্মানেন্ট মিশন থাকলেও বার্নে দূতাবাস না থাকায় এতদিন জেনেভার মিশন থেকেই কূটনৈতিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
সুইজারল্যান্ড বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ও কৌশলগত অংশীদার হওয়ায় বার্নে দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একজন রাষ্ট্রদূত, একজন ফার্স্ট সেক্রেটারি এবং প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়ে দূতাবাসের কার্যক্রম শুরু হবে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের মোট ৮২টি মিশন অফিস রয়েছে।
শরিফ ওসমান হাদির স্বাস্থ্য নিয়ে আলোচনা
বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার চিকিৎসা পরিস্থিতি নিয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান নিয়মিতভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ রাখছেন।
এছাড়া, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইতোমধ্যে সিঙ্গাপুরে পৌঁছে সরাসরি হাদির চিকিৎসা ব্যবস্থার তদারকি করছেন।
বিজয় দিবস উদযাপনে প্রশংসা
উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বছর মহান বিজয় দিবস সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে।

