বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম, যিনি প্রথম ছবিতেই সাড়া ফেলে দিয়েছেন, এবার ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করলেন। আমির খানের ‘দঙ্গল’ ছবিতে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসা জায়রা ২০১৬ সালে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। পরে ‘সিক্রেট সুপারস্টার’-এর মাধ্যমে আবারও দর্শকের হৃদয় জয় করেন।
২০১৯ সালে হঠাৎ করেই তিনি অভিনয় জগৎ ছেড়ে বোরখা ও হিজাব পরিধান করে আত্মগোপন জীবনযাপন শুরু করেছিলেন।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে জায়রা সকলকে চমকে দিয়ে বিয়ে করেছেন। তবে তিনি স্বামীর পরিচয় প্রকাশ করেননি, যা কৌতূহল সৃষ্টি করেছে।
জায়রা ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেছেন। একটিতে দেখা গেছে, তিনি লাল বিয়ের পোশাক পরেছেন, আর বর ঘিয়ে রঙের কাশ্মিরি শাল পরে রয়েছেন। অন্য ছবিতে তিনি মেহেদি পরা হাতে নিকাহনামায় স্বাক্ষর করছেন। ক্যাপশনে লিখেছেন, “কবুল হ্যায়।” পোস্টটি প্রকাশ হতেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছার বন্যা নামে।

