মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পদ্মা নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ২৮ নম্বর উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গত কয়েক দিন ধরে পদ্মা নদীতে কুমির দেখা যাচ্ছে বলে স্থানীয়রা দাবি করেছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বিদ্যালয়ের সামনে পদ্মা নদীর পাড়ে গিয়ে দেখা যায়, কুমির দেখার জন্য নদীতীরে ভিড় করছেন উৎসুক মানুষ। স্থানীয়দের ভাষ্যমতে, কখনো সকাল আবার কখনো দুপুরে কুমিরটি নদীর পানিতে ভেসে উঠতে দেখা গেছে।
স্থানীয় যুবকসহ একাধিক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুমিরের ছবি ও ভিডিও পোস্ট করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুল ইসলাম তার ফেসবুক পোস্টে লেখেন, হঠাৎ করেই বিদ্যালয়ের পাশে পদ্মা নদীতে কুমির দেখা গেছে এবং সবাইকে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানান।
স্থানীয় বাসিন্দা রবিউল রবি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, যে স্থানে কুমিরটি দেখা গেছে সেখানে প্রতিদিন শত শত মানুষ গোসল করে থাকেন। সকাল থেকে কয়েকবার কুমিরটি নদীতে ভেসে উঠেছে বলে জানান তিনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহলের পাশাপাশি আতঙ্ক সৃষ্টি হয়েছে।
আরেক স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান মুন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, উড়াকান্দা বাজার পয়েন্টে পদ্মা নদীতে কুমির দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে ভয় ছড়িয়ে পড়েছে এবং সবাইকে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দা এনায়েত মোল্লা বলেন, তিনি নিজেও শুনেছেন গত দুই থেকে তিন দিন ধরে ওই এলাকায় কুমির ভেসে উঠছে। মঙ্গলবার বিকেলে তিনি ঘটনাস্থলে এলেও কুমিরটি দেখতে পাননি।
এ বিষয়ে রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান জানান, উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে কুমির দেখার খবর তারা পেয়েছেন। তিনি বলেন, “পদ্মা একটি মূল নদী হওয়ায় সেখান থেকে কুমির ধরাটা প্রায় অসম্ভব। তবে আমাদের পক্ষ থেকে এলাকাবাসীকে সচেতন করা হবে, যাতে কেউ নদীতে নামতে না যায়।”
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায় বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এসেছে। তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পদ্মা নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

