সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অজ্ঞাত গাড়িচাপায় মো. সিরাজ মিয়া (৬৫) নামে এক সিপিজি (কমিউনিটি পেট্রল গ্রুপ) সদস্য নিহত হয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) ভোররাত বা সকালে লাউয়াছড়ার জানকীছড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে,দায়িত্ব পালনকালে অথবা ডিউটি শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত কোনো যানবাহন তাকে চাপা দিয়ে ফেলে রেখে যায়।
নিহত সিরাজ মিয়া শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া এলাকার বাসিন্দা এবং লাউয়াছড়া কমিউনিটি পেট্রল গ্রুপের সদস্য ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ‘ভিলেজ কনজারভেশন ফোরাম’ (ভিসিসি)-এর সাধারণ সম্পাদক মো. সামছুল হক। তিনি নিহতের ছেলে,সিএমসি’র অফিস বয় বাবুল মিয়ার উদ্ধৃতি দিয়ে জানান, “ভোরে বা সকালে দায়িত্ব পালনের সময় বা ফেরার পথে অজ্ঞাত যানবাহন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সামছুল হক বলেন,“ঘাতক যানবাহনটি শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং নিহত সিরাজ মিয়ার অসহায় পরিবারকে প্রশাসনিকভাবে সহযোগিতা করা প্রয়োজন।”
কমলগঞ্জ থানার ডিউটি অফিসার শাহনাজ পারভীন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

