শাওন বেপারী, শরীয়তপুর প্রতিনিধি,
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতার অভাবেই দেড় বছর পেরিয়ে গেলেও দেশে বহুমাত্রিক সংকট প্রকট হয়ে উঠেছে। কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে তবুও সরকারের পক্ষ থেকে জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেড় বছর ধরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেও দেশের সার্বিক পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। একটি নির্বাচিত সরকার থাকলে তাদের ব্যর্থতার জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হতো, যা সরকারকে দায়িত্বশীলভাবে কাজ করতে বাধ্য করে। তাই এ মুহূর্তে দেশের একমাত্র লক্ষ্য হওয়া উচিত আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার গঠন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকারের ঢিলেঢালা অবস্থান অত্যন্ত দুঃখজনক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়; বরং প্রতিদিনই অবনতির দিকে যাচ্ছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের উচিত পরিস্থিতির উন্নতি নিশ্চিত করা।
নির্বাচন কমিশনের কার্যক্রম প্রসঙ্গে রিজভী বলেন, নানা কারণে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। গত ১৭ বছর ধরে দেশের মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। মানুষ এখন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। এই নিশ্চয়তা নির্বাচন কমিশনকে দিতেই হবে। তবে সামগ্রিকভাবে কমিশন পরিস্থিতি সামাল দিতে পারছে কি না সে বিষয়ে সংশয় রয়ে গেছে। কমিশন যদি কোনো একদিকে হেলে পড়ে, তাহলে অতীতের আশঙ্কা আবার ফিরে আসবে।
তিনি আরও বলেন, বিগত দিনে যেভাবে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, তা কেবল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব।
একই দিন তিনি সদর উপজেলার পৌরসভা অডিটোরিয়ামেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আরেকটি ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য দেন।
উল্লেখ্য, জাজিরা ও সদর উপজেলায় আয়োজিত দুটি ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকা থেকে আগত বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক চিকিৎসক প্রায় পাঁচ হাজার সেবা প্রত্যাশীর মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

