আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় দীর্ঘদিন ধরে বিতর্ক ও নানা অভিযোগের মুখে থাকা কাছিপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহমুদুল হাসানকে বদলি করা হয়েছে। তাকে কাছিপাড়া ইউনিয়ন পরিষদ থেকে কনকদিয়া ইউনিয়ন পরিষদে বদলি করা হয়।
বুধবার (২১ জানুয়ারি) পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক জরুরি অফিস আদেশে এ বদলির সিদ্ধান্ত জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাকে ২১ জানুয়ারির মধ্যেই নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর ও যোগদান না করলে ২২ জানুয়ারি সকাল থেকে তাকে ‘তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released)’ হিসেবে গণ্য করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাছিপাড়া ইউনিয়নে দায়িত্ব পালনকালে মো. মাহমুদুল হাসানের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, দুর্নীতি, অফিসে অনুপস্থিতি, সাংবাদিকের ওপর হামলা, ইউনিয়ন পরিষদের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার এবং ইউনিয়ন পরিষদের হিসাব যথাসময়ে উপস্থাপন না করার অভিযোগ উঠে। এসব অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ইউনিয়নজুড়ে অসন্তোষ বিরাজ করছিল।
তার বদলিকে এলাকাবাসী ইতিবাচক হিসেবে দেখছেন। স্থানীয়দের মতে, এই সিদ্ধান্তে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ফিরে আসবে এবং জনভোগান্তি কমবে। প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, জনস্বার্থ রক্ষা, কাজের গতি বৃদ্ধি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে, কাছিপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে কালিশুরী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহিম খলিলকে কাছিপাড়ার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কনকদিয়া ইউনিয়ন পরিষদের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, জনস্বার্থে জারি করা এই আদেশ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে অনুলিপি পাঠানো হয়েছে।

