ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার টিলারচর গ্রামে সীমা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (সেমাবার) দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সীমা আক্তার চরভদ্রাসন সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি টিলারচর গ্রামের কবির খন্দকারের মেয়ে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সীমার বাবা কবির খন্দকার খাবার খেয়ে বাড়ির পাশে জাকেরের সুরা বাজারে নিজের মুদি দোকানে যান। এ সময় বাড়িতে কেউ উপস্থিত ছিল না। কিছুক্ষণ পর নিহতের সেজ বোন বাড়িতে এসে বাংলো ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় সীমাকে ঝুলন্ত দেখতে পান।
পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার রফিকুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নিহতের পারিবারিক সূত্র জানায়, প্রায় দুই বছর আগে সীমার মা জাবেদা বেগম মারা যান। চার বোনের মধ্যে সীমা আক্তার ছিলেন সবার ছোট। কিছুদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার দাবি করেছে।
হাসপাতালে উপস্থিত নিহতের খালা লাবনী আক্তার (৪০) জানান, “সীমা মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে অস্বাভাবিক আচরণ করত। তবে কী কারণে সে এমন চরম সিদ্ধান্ত নিল, তা আমরা কেউই বুঝতে পারছি না।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

