শাওন বেপারী | শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে বিএনপিতে যোগদানের মাত্র এক সপ্তাহের মাথায় শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানীর বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দলেরই একটি অংশ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চরগয়ঘর এলাকায় এই সহিংস ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, হামলাকারীরা চেয়ারম্যানের অন্তত তিনটি ঘরে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি ৯টি আধাপাকা টিনের ঘর ও একটি দোচালা টিনের ঘর কুপিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ ছাড়া চেয়ারম্যানের অনুসারীদের আরও ১১টি ঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, আব্দুল মান্নান খান ভাসানী আগে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। গত ১৭ জানুয়ারি শরীয়তপুর-১ আসনের বিএনপি প্রার্থী সাঈদ আহমেদের উপস্থিতিতে আয়োজিত এক সভায় তিনি প্রায় ৫ শতাধিক সমর্থক নিয়ে বিএনপিতে যোগ দেন। ঘটনার আগের দিন তিনি স্ত্রী ও সন্তানদের সঙ্গে দুবাই যান।
চেয়ারম্যানের অনুপস্থিতির সুযোগ নিয়ে গভীর রাতে তার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয়। স্থানীয়দের অভিযোগ, ভাসানী খান ও তার অনুসারীদের বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির একটি অংশের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এই সহিংসতার ঘটনা ঘটেছে।
চিকন্দী পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

