ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শোকবার্তায় তিনি বলেন, আহমদ রফিক ছিলেন ভাষা আন্দোলনের অন্যতম সাক্ষী ও সংগ্রামী কণ্ঠস্বর। একই সঙ্গে তিনি ছিলেন অনন্য কবি, প্রাবন্ধিক, গবেষক ও রবীন্দ্রতত্ত্বচর্চার দিশারি। শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, রবীন্দ্রচর্চায় আহমদ রফিকের অবদান দুই বাংলাতেই শ্রদ্ধার আসন পেয়েছে। টেগর রিসার্চ ইনস্টিটিউট তাকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধিতে সম্মানিত করেছে।
প্রধান উপদেষ্টা বলেন, তার প্রয়াণে দেশের সংস্কৃতি ও মুক্তচিন্তার জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান

