বাগেরহাট জেলার রামপাল উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় ইসলামী ছাত্রশিবির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রামপালের মডেল মসজিদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আহমেদ আবদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ছাত্রশিবির সভাপতি মোঃ আমিনুল ইসলাম।
সভায় সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়, নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলা ও মাঠপর্যায়ের বাস্তবতা সঠিকভাবে তুলে ধরতে এবং গুজব ও অপপ্রচার রোধে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে। পাশাপাশি ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়ার নিশ্চয়তা নিশ্চিত করতে ছাত্রশিবির ও সংবাদমাধ্যমকে একসাথে কাজ করার পরামর্শ দেওয়া হয়।
সভায় রামপাল উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা ছাত্রশিবিরের এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

